গৌরীর রেস্তোরাঁয় ‘গোপন দরজা’, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গুলোর মধ্যে একটি হলো ‘তোরি’। রেস্তোরাঁটির মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের। এই রেস্তোরাঁয় রয়েছে একটি গোপন দরজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন রেস্তোরাঁর প্রধান শেফ স্টেফান গ্যাডিট। এই গোপন দরজা শুধু খান পরিবার ও নির্দিষ্ট কিছু তারকাদের ব্যবহারের জন্য বরাদ্দ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত বছর ফেব্রুয়ারিতে চালু হওয়া এই রেস্টুরেন্টটি এবার নতুন করে আলোচনায় আসলো এই গোপন দরজার রহস্য উন্মোচনের পর। ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের অন্দরমহলের অনেক অজানা তথ্য জানিয়েছেন।
তিনি নিশ্চিত করেছেন যে, রেস্টুরেন্টের একটি গোপন দরজা রয়েছে যা দিয়ে কেবল খান পরিবারের সদস্যরা প্রবেশ করেন। তবে এই দরজাটি ঠিক কোথায় অবস্থিত তা সাধারণের কাছে অজানা। খান পরিবারের ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্টেফান।
খান পরিবারের পছন্দের খাবারের তালিকাও প্রকাশ করেছেন স্টেফান। তিনি জানান, শাহরুখ খান গৌরী খান এবং তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান প্রায়শই 'টোরি' থেকে খাবার আনিয়ে খান। অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান তাদের বন্ধুদের নিয়ে প্রায়ই এই রেস্টুরেন্টে এসে খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন।
উল্লেখ্য, গত বছরের ভ্যালেন্টাইন’স ডে-তে তোরি রেস্তোরাঁটি চালু হয়। রেস্তোরাঁটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের তারকা স্ত্রীদের নিয়ে তৈরি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এর তারকারা—সুসান খান, মহীপ কাপুর, ভবানা পান্ডে, নীলম কোঠারি ও সীমা সাজদেহ।
ভোরের আকাশ/এসএইচ