২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের

টানা ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে টালিউডের নির্মাতা উৎসব মুখোপাধ্যায়ের। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।
জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ করেই ওই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। পরিচালকের অবস্থানের খবর পেয়ে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।
উৎসবের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তার সন্ধান পাওয়ার বিষয়টি দ্রুত পরিবারের সদস্যদের জানানো হয়। পাশাপাশি লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড ও আনন্দপুর থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার ঘটনাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, রোববার সকালে থানায় উপস্থিত হলে এক কর্মকর্তার মাধ্যমে ভিডিও কলে স্বামীর সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলতে পারেন মৌপিয়া। তিনি জানান, “ও খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না, ঘুমাচ্ছিল।”
উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন নিমতার একটি ব্যাংকে যাওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার দুপুর ২টা ২২ মিনিটে স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তার। এরপরই আনন্দপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
দীর্ঘ ২৪ দিনের উদ্বেগ-উৎকণ্ঠার পর অবশেষে তার সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন এবং কীভাবে সময় কাটিয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। পরিবারের আশা, খুব শিগগিরই পুরো বিষয়টি জানা যাবে।
ভোরের আকাশ/সু.পা