লিঙ্গবৈষম্যে অস্বস্তিতে প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই খোলামেলা ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নিজের অভিজ্ঞতা ও মতামত নির্ভয়ে প্রকাশ করেন তিনি। সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকার ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছেন এই আন্তর্জাতিক তারকা। যেখানে তিনি মেয়েদের পোশাক ও সৌন্দর্যচর্চা ঘিরে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য নিয়ে প্রকাশ করেছেন নিজের অস্বস্তি।
সিমি গেরেওয়ালের জনপ্রিয় একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেন, "মেয়েদের সবসময় সচেতন থাকতে হয়— এমনকি চুলে রং করলেও সেটা নিয়ে চিন্তা করতে হয়। সোজা হয়ে বসতে হয়, নড়াচড়া করা যাবে না, পোশাক নিয়ে ভাবতে হয় প্রতিটি মুহূর্তে। সবকিছু মিলে একটা চাপের ভেতরে থাকতে হয় আমাদের।”
তিনি আরও যোগ করেন, “পুরুষদের ফর্মাল লুকের তুলনায় মেয়েদের সাজসজ্জার চাপ অনেক বেশি। অভিনেত্রীদের তো প্রস্তুতির জন্য আলাদা সময়ই রাখতে হয়। এটা সত্যি যে পুরুষ হলে এত কিছু সামলাতে হতো না।”
প্রিয়াঙ্কার এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে তার বক্তব্যকে সাহসী ও বাস্তবসম্মত বলছেন, আবার কেউ কেউ ফ্যাশন আইকন হিসেবে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে এটাও বাস্তব যে, প্রিয়াঙ্কা চোপড়াই দেশের অন্যতম ফ্যাশন আইকন। তার প্রতিটি লুক, ফ্যাশন স্টেটমেন্ট ও সাজসজ্জা অনুসরণ করে থাকেন অগণিত ভক্ত। অথচ সেই তিনিই জানাচ্ছেন, সবসময় এসব বজায় রাখা তার জন্য একধরনের অস্বস্তির কারণ।
বর্তমানে প্রিয়াঙ্কা ব্যস্ত সময় পার করছেন এস. এস. রাজামৌলির পরিচালনায় ‘এসএস এমবি ২৯’ সিনেমার শুটিং নিয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু।
ভোরের আকাশ//হ.র