নারীকে ট্রফি বলা অশোভনীয় : প্রীতি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি বরাবরই আলোচনায় থাকে। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বাসে ভাসেন, তেমনি পরাজয়ে হতাশাও স্পষ্ট হয়ে ওঠে তার অভিব্যক্তিতে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে ‘ট্রফি’ বলে কটাক্ষ করা হলে তার জবাবে সরব হন এই অভিনেত্রী।
এক্স (সাবেক টুইটার)-এ ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এমন মন্তব্যের জবাব দেন প্রীতি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নারীদের ‘ট্রফি’ হিসেবে উল্লেখ করা অশোভনীয় এবং অসম্মানজনক।
নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটা শুনতে মিষ্টি লাগতে পারে, কিন্তু কোনো নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, কিন্তু নারীকে নয়। ট্রফি কাঁচের আলমারিতে রাখা হয়, আর একজন নারীর জায়গা সেখানে নয়—তার স্থান হওয়া উচিত মানুষের জীবনে এবং হৃদয়ে।”
প্রীতির এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। অনেকেই মনে করছেন, বিনোদন জগতের বাইরেও তিনি একজন সচেতন ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।
একই প্রশ্নোত্তর পর্বে নিজের আসন্ন সিনেমা নিয়েও কথা বলেন তিনি। দীর্ঘদিন পর পর্দায় ফেরা প্রসঙ্গে “লাহোর ১৯৪৭” নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ছবিতে তিনি কাজ করছেন রাজ কুমার সন্তোষীর পরিচালনায় এবং সানি দেওলের সঙ্গে।
এছাড়া তার আরেকটি কাজ “ভাইব” সম্পর্কেও কথা বলেন প্রীতি। তার ভাষায়, এটি একটি হালকা ও বিনোদনধর্মী ছবি, যা গম্ভীর ধাঁচের কাজের পর ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে তাকে।
সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মাঝেও নারীর মর্যাদা নিয়ে প্রীতির এই জোরালো অবস্থান বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভোরের আকাশ/সু.পা