বিচ্ছেদ নয়, একসঙ্গেই থাকছেন গোবিন্দা-সুনিতা

বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে চলমান জল্পনায় এবার নতুন মোড় এসেছে। গোবিন্দর বিরুদ্ধে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনিতা।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি আদালতে দেখা যায় সুনিতাকে। তবে সেখানে যাওয়ার কারণ তখন স্পষ্ট ছিল না। পরে গোবিন্দর ম্যানেজার জানান, আদালতে গিয়ে নিজের করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন সুনিতা।
তবে পারিবারিক বিষয় আদালত পর্যন্ত গড়ানোয় হতাশা প্রকাশ করেছেন শশী সিনহা। তাঁর মতে, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হতেই পারে, কিন্তু আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান সম্ভব।
এনডিটিভিকে শশী সিনহা বলেন, ‘পরিবারের বিষয় পরিবারের মধ্যেই থাকা উচিত। অনেক কিছু বসে কথা বললে মিটে যায়। আজ যদি মামলা প্রত্যাহারই করা হয়, তাহলে শুরুতে সেটি করা হয়েছিল কেন? এটা আমাকে কষ্ট দেয়। আমরা কেন প্রদর্শনীতে পরিণত হলাম?’
মামলা প্রত্যাহারের পর গোবিন্দার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শশী সিনহা জানান, ঘটনার মাত্র কয়েক মিনিট পর তিনি গোবিন্দার সঙ্গে কথা বলেছিলেন। ফলে এ বিষয়ে অভিনেতার তাৎক্ষণিক কোনো মন্তব্য নেই।
তিনি বলেন, ‘ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন এবং সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন- এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গোবিন্দা, সুনিতা এবং তাদের সন্তান- সবার জন্যই ভালো কিছু কামনা করি।’
কী নিয়ে শুরু হয়েছিল দাম্পত্য টানাপোড়েন?
গোবিন্দা ও সুনিতার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি থেকে। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে সুনিতার ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
একপর্যায়ে সুনিতা গোবিন্দাকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। যদিও পরে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
গত বছর গণেশ চতুর্থীর অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলে ফের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন ওঠে। তখন সুনিতা দাবি করেন, তাঁদের মধ্যে সত্যিই দূরত্ব তৈরি হলে এভাবে একসঙ্গে থাকা সম্ভব হতো না। এমনকি কোনো শক্তিই তাঁদের আলাদা করতে পারবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
‘সুগার ড্যাডি’ মন্তব্যে নতুন বিতর্ক
সম্প্রতি গোবিন্দার ‘রূপা’ সিনেমার সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরকে ঘিরে সুনিতার একটি মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে। ওই অভিনেত্রীকে কেন্দ্র করে গোবিন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগও তুলেছিলেন সুনিতা। একপর্যায়ে গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলেও উল্লেখ করেন তিনি।
এর জবাবে পাল্টা বক্তব্য দেন গোবিন্দা। তাঁর অভিযোগ, নতুন সিনেমার কাজ শুরু করার পর তাঁকে মানুষের চোখে খারাপ প্রমাণ করা এবং ক্যারিয়ারে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে।
গোবিন্দা আরো বলেন, তিনি যে কাজ করছেন, তাতে সুনিতার হস্তক্ষেপ করা উচিত নয়। একই সঙ্গে তাঁর কাজ ও ব্যবসায় ক্ষতি করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেতা।
৩৮ বছরের দাম্পত্যে বারবার আলোচনায় সম্পর্ক
১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দা ও সুনিতা আহুজা। দীর্ঘদিন তাঁদের বিয়ের বিষয়টি গোপন ছিল। ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্মের পর তাঁদের দাম্পত্যের কথা প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধনের জন্ম হয়।
দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনে একাধিকবার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। কখনো বিচ্ছেদের খবর, কখনো ব্যক্তিগত মন্তব্য—সব মিলিয়ে বারবার আলোচনায় এসেছে গোবিন্দ-সুনিতার সম্পর্ক।
এবার আদালতে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহারের পর তাঁদের দাম্পত্যে নতুন মোড় এসেছে। তবে মামলা প্রত্যাহারের পর বর্তমানে তাঁদের সম্পর্কের অবস্থান কী, সে বিষয়ে দুজনের পক্ষ থেকেই এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/জেআ