‘মুজিব’ সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলাম: বাঁধন

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে দু’বার অডিশন দিয়েও তিনি নির্বাচিত হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
বাঁধন জানান, বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু বাদ পড়ার পর গভীরভাবে ভেঙে পড়েন তিনি। “আমাকে রিজেক্ট করার পর হাউমাউ করে কেঁদেছিলাম,” বলেন তিনি।
তিনি আরও জানান, এক ঘনিষ্ঠ কাজিন তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, “আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন এই সিনেমায় অভিনয় না করিয়ে।” তবে বাদ পড়ার অভিজ্ঞতা শুধু দুঃখেরই ছিল না, অপমানজনকও ছিল। বাঁধনের ভাষায়, “ওরা শুধু রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেইলার ও সিনেমা এল, অনেকের কথা শুনে মনে হয়েছে, কাজটা না করাই ভালো হয়েছে।”
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুননেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া অভিনয় করেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ আরও অনেকে।
প্রায় ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত হয়।
ভোরের আকাশ//হ.র