সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই : নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়, উপস্থাপনা ও সংগীত—সব ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করলেও তার এই পথচলা সহজ ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজের সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের নানান চাপ নিয়ে খোলামেলা কথা বলেন।
নুসরাত ফারিয়া বলেন, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে সংগ্রামের বিকল্প নেই। তিনি নিজের স্কুলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অনেক চেষ্টা করলেও তিনি কখনো ক্লাসে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেননি। তার ভাষায়, “আমি অনেক পড়াশোনা করতাম, কিন্তু ভালো রেজাল্ট করতে পারতাম না।”
তিনি আরও জানান, এই বিষয়টি নিয়ে তিনি প্রায়ই তার মায়ের কাছে আফসোস করতেন। তখন তার মা তাকে বুঝিয়ে বলেছিলেন, হয়তো তিনি চেষ্টা করছেন বলেই ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আর সফলতার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত তিনি ২৩টির মতো সিনেমায় কাজ করেছেন, পাশাপাশি সাত-আটটি গানও করেছেন। দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি স্টেজ শো সম্পন্ন করেছেন। তবে এত অভিজ্ঞতার পরও প্রতিবার ক্যামেরার সামনে বা মঞ্চে দাঁড়ালে তিনি এখনো নার্ভাস থাকেন। তার মতে, প্রতিটি কাজই যেন প্রথম টেক এবং শেষ সুযোগ।
তারকা জীবনের বাস্তবতা নিয়ে ফারিয়া বলেন, বাইরে থেকে এই পেশাকে যতটা ঝলমলে মনে হয়, ভেতরে ততটাই চাপ থাকে। প্রতিদিনই সর্বোচ্চ মান ধরে রাখতে হয়—চেহারা, কথা, আচরণ ও পারফরম্যান্স সবকিছুতেই।
সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও তিনি কথা বলেন। ফারিয়ার মতে, সামান্য পরিবর্তন বা ভুল হলেই অনলাইনে সমালোচনার মুখে পড়তে হয়। তিনি বলেন, “একদিন একটু পরিবর্তন হলেই মানুষ সমালোচনা শুরু করে দেয়। তাই আমাদের সবসময় নিজের সেরাটা দেওয়ার চাপ থাকে।”
ভোরের আকাশ/সু.পা