‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা তার বর্ণাঢ্য সংগীত জীবনের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত করতে যাচ্ছেন। শিল্পকলায় অসামান্য ও কালজয়ী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ৪ মে থেকে ৮ মে অনুষ্ঠিতব্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ১৫তম আসরে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
‘মিনার-এ-দিল্লি’ সম্মাননাটি বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাসম্পন্ন। রুনা লায়লার আগে এই পুরস্কার পেয়েছেন জোহরা সেহগাল (২০১২), মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। রুনা লায়লাই চতুর্থ ব্যক্তিত্ব হিসেবে এই বিরল সম্মাননা পেতে যাচ্ছেন।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো এক চিঠিতে তার সংগীত প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন,
“আপনার কণ্ঠ ও শৈল্পিক যাত্রা কয়েক দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে আবেগের সেতুবন্ধন তৈরি করেছে। আপনার সংগীত আমাদের কাছে কেবল সুর নয়, বরং এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য, যা আগামী প্রজন্মকে পথ দেখাবে।”
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এই মহাতারকাকে সম্মাননা প্রদান করতে পারা ভারতের জন্য গর্বের বিষয়, যা দুই দেশের সাংস্কৃতিক মৈত্রীকে আরও সুদৃঢ় করবে। তার সফরকে ঘিরে বিশেষ আয়োজনও সম্পন্ন করা হয়েছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমি এই বিশেষ মুহূর্তটির অপেক্ষায় রইলাম।”
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে উৎসবের বিভিন্ন আয়োজন। এবারের আসরে নারী ক্ষমতায়ন, শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রথিতযশা অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা ঊষা উত্থুপ এবং চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণনসহ আরও অনেক বরেণ্য ব্যক্তিত্ব।
গুণী এই শিল্পীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে বিনোদন অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
ভোরের আকাশ/সু.পা