বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন অভিষেক, দিলেন স্পষ্ট বার্তা

বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল—বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও প্রকাশ্যে একসঙ্গে তাদের না দেখা যাওয়ার কারণে এই জল্পনা আরও জোরালো হয়। কেউ কেউ তো বলেছিলেন, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বনিবনা না হওয়াতেই নাকি তৈরি হয়েছে সম্পর্কের টানাপড়েন।
তবে এবার এসব গুঞ্জনে সোজাসাপ্টা জবাব দিলেন অভিষেক বচ্চন নিজেই। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই এবং এসব গুজবের প্রতি তিনি গুরুত্বও দেন না।
অভিষেক বলেন, ‘কে কী বলল, তা নিয়ে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার আছে, যারা এসব শুনে কষ্ট পায়। নেতিবাচক খবর বেশি বিক্রি হয়, তাই ব্যাখ্যা দিলেও তা বিকৃত করা হয়। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’
তিনি আরও বলেন, ‘যারা এসব মন্তব্য করে, তাদের ভাবা উচিত, তাদের কথায় অন্যরা কষ্ট পায়। কম্পিউটারের সামনে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। আমি এসব কথায় পাত্তা দিই না, কারণ এগুলো আমার জীবনে প্রভাব ফেলে না।’
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের মাঝপথে নানা গুজব ছড়ালেও এখন পর্যন্ত সম্পর্ক অটুট রয়েছে বলে জানালেন খোদ অভিষেক বচ্চন।
ভোরের আকাশ//হ.র