শ্রীদেবীতে অনুপ্রাণিত ইধিকা পাল

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন দর্শকের হৃদয়ে। বাংলাদেশে তার অভিষেক হয় আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে, যেখানে তার বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খান। এরপর কলকাতায় মুক্তি পায় ইধিকা অভিনীত ‘খাদান’, যেখানে দেবের সঙ্গে জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন তিনি। বাংলাদেশে মুক্তি পাওয়া তার তৃতীয় ছবি ‘বরবাদ’-ও ব্যবসা সফল হয়। ফলে ইধিকা অভিনীত তিনটি সিনেমাই বক্স অফিসে সফলতার মুখ দেখেছে।
তবে ব্যক্তিগতভাবে ইধিকা সবচেয়ে বেশি অনুপ্রেরণা পান ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবীর কাছ থেকে।
শ্রীদেবী প্রসঙ্গে ইধিকা বলেন, “ভারতের সিনেমার এক কিংবদন্তি তিনি। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। সেই উপলক্ষে আমি তাকে শ্রদ্ধা জানাতে ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার গান কাটে নাহি কাট তে–এর লুকে কিছু ছবি তুলে পোস্ট করেছি। তিনি আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা। জানি, তার মতো হওয়া কোনোদিন সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়া। তারপরও তাকে বুকে লালন করে এগিয়ে চলাটাই আমার জন্য প্রশান্তির। যদি তিনি বেঁচে থাকতেন এবং একসঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ পেতাম, সেটাই হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।”
বর্তমানে ইধিকা নতুন কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপন ও মডেলিংয়েও।
ভোরের আকাশ//হ.র