মুক্তির পর কেমন আয় করছে ‘দৃশ্যম থ্রি’?

অজয় দেবগনের বহুল আলোচিত ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম থ্রি’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে। মাত্র ১০ দিনে বিশ্বজুড়ে ৪৭৯ কোটি রুপি আয় করে ২০২৬ সালের অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে সিনেমাটি। একই সঙ্গে বছরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে এটি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের তথ্য অনুসারে, ভারতে প্রথম সপ্তাহেই সিনেমাটি নিট ২৪৫ কোটি রুপি আয় করে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে আয় করে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহের শুরুতেও দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি। গত শুক্রবার (৯ অক্টোবর) আয় করে ১৪ কোটি ৫০ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহ শেষে আরও ৪৯ কোটি রুপি যোগ হয়ে ভারতেই সিনেমাটির মোট নিট আয় দাঁড়ায় ৩০৯ কোটি রুপি।
বিদেশের বাজারেও আয় করছে ‘দৃশ্যম থ্রি’। মুক্তির দশম দিনে বিদেশে আরও ৬ কোটি রুপি আয় করে এর মোট বিদেশি আয় দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৪৭৯ কোটি রুপি। ফলে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২১ কোটি রুপি প্রয়োজন। বক্স অফিসের এই সাফল্যে অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন রেকর্ড গড়েছে ‘দৃশ্যম থ্রি’। সিনেমাটি বিশ্বব্যাপী ৪৫০ কোটি রুপি আয় করা সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার টু’-এর আজীবন আয়কে ছাড়িয়ে গেছে। পেছনে ফেলেছে ৪৩৫ কোটি রুপি আয় করা ‘হনুমান অংশ’কেও।
তবে শীর্ষস্থান এখনো অধরা। ১ হাজার ৮১৩ কোটি রুপি আয় করা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ রয়েছে তালিকার প্রথম স্থানে।অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম থ্রি’-এ বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। আরও অভিনয় করেছেন তাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াতসহ অনেকে।
ভোরের আকাশ/জেআ