ঈদের সাত দিন, সাত নায়িকার সিনেমা উৎসবে চ্যানেল আই

ঈদের দিন মানেই টেলিভিশনের পর্দায় বিশেষ আয়োজনের বাড়তি ব্যস্ততা। নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ও রিয়েলিটি শোর পাশাপাশি এবার দর্শকদের জন্য ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে একটি করে নতুন বাংলা সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
এই বিশেষ আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, সাত দিনে দর্শকরা দেখবেন সাতজন জনপ্রিয় নায়িকাকে কেন্দ্র করে নির্মিত সাতটি ভিন্নধর্মী সিনেমা। গল্প, চরিত্র ও অভিনয়ের বৈচিত্র্যে সাজানো এই আয়োজন ঈদের সকালগুলোকে আরও রঙিন করে তুলবে বলে আশা করা হচ্ছে।
ঈদের দিন থেকেই শুরু হচ্ছে এ আয়োজন। প্রথম দিন প্রচারিত হবে মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’। সিনেমাটিতে মন্দিরা চক্রবর্তী অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। রহস্যঘন গল্পের এই সিনেমা দিয়ে শুরু হবে ঈদের বিশেষ প্রদর্শনী।
দ্বিতীয় দিনে দেখানো হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। শাকিব খানের বিপরীতে তাদের উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে বাড়তি আকর্ষণ।
তৃতীয় দিনের সিনেমা ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত এই নারীকেন্দ্রিক গল্পে কেন্দ্রীয় চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।
চতুর্থ দিনে প্রচারিত হবে আলোক হাসানের ‘টগর’, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে। গ্রামীণ প্রেক্ষাপটের এই সিনেমায় তার সঙ্গে আছেন আদর আজাদ।
পঞ্চম দিনের সিনেমা ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। দুই নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে।
ষষ্ঠ দিনে থাকছে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’। পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আনান সিদ্দিক, ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
সপ্তম ও শেষ দিনে প্রচারিত হবে কুসুম শিকদার পরিচালিত ও অভিনীত ‘শরতের জবা’। তার বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। অভিনেত্রী ও নির্মাতা—দুই পরিচয়ে তার উপস্থিতি সিনেমাটিকে করেছে বিশেষভাবে আলাদা।
সব মিলিয়ে চ্যানেল আইয়ের এই ঈদ আয়োজন যেন হয়ে উঠছে সাত দিনে সাত গল্পের এক ব্যতিক্রমী সিনেমা উৎসব, যা দর্শকদের ঈদের সকালকে করে তুলবে আরও উপভোগ্য ও প্রাণবন্ত।
ভোরের আকাশ/সু.পা