বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মৌনি রায়

বাঙালি অভিনেত্রী মৌনি রায় মুম্বাই পাড়ি জমিয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। ভালোবেসে তিনি বিয়ে করেছেন সুরাজ নাম্বিয়ারকে। তবে কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে, এই অভিনেত্রীর দাম্পত্য জীবনে নাকি ভাঙনের সুর বেজেছে।
বিবাহবিচ্ছেদ নিয়ে নানা চর্চা চললেও এতদিন নীরব ছিলেন মৌনি রায়। অবশেষে আড়াল ভেঙে এ বিষয়ে মুখ খুললেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে মৌনি লেখেন, “সকল মিডিয়া হাউসকে বিনীত অনুরোধ করছি, বিয়ে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন এবং গোপনীয়তা রক্ষা করুন।”
এর আগে সিয়াসাত ডটকমের এক প্রতিবেদনে দাবি করা হয়, মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ারের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়েছে। জানা যায়, ইনস্টাগ্রামে তারা একে অপরকে আনফলো করেছেন এবং সুরাজ তার অ্যাকাউন্ট থেকে মৌনির সঙ্গে থাকা কিছু ছবি মুছে ফেলেছেন। যদিও তাদের কিছু পুরোনো ছবি এখনো দেখা যাচ্ছে। এসব ঘটনার পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
করোনা মহামারির সময় দুবাইয়ে আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজ নাম্বিয়ারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুবাই প্রবাসী সুরাজের সঙ্গে মৌনির প্রেম ও বিয়ের বিষয়টি নিয়েও তখন ব্যাপক আলোচনা হয়েছিল। সবকিছুর ইতি টেনে ২০২২ সালের ১৭ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
টেলিভিশন ধারাবাহিকে খ্যাতি অর্জনের পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মৌনির। ‘কেজিএফ চ্যাপ্টার ১’ সিনেমার ‘গলি গলি’ গানে পারফর্ম করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি।
মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার এই সিরিজটি পরিচালনা করেছেন ফারুক কবির। এটি গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায়।
ভোরের আকাশ/সু.পা