পপ তারকা শাকিরার কনসার্ট মঞ্চ নির্মাণকালে শ্রমিকের মৃত্যু

ব্রাজিলের রিও ডি জেনেইরো-এর কোপাকাবানা সৈকত এলাকায় পপ তারকা শাকিরার আসন্ন কনসার্টের মঞ্চ নির্মাণের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে ‘তোদো মুন্দো নো রিও’ কনসার্টের মঞ্চ প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে আয়োজক ও স্থানীয় দমকল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মঞ্চের কাঠামো স্থাপনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে শ্রমিকটি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কাজের জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যখন একটি বড় কাঠামো ধসে পড়ে। উপস্থিত কর্মীরা দ্রুত ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালান।
দমকল বাহিনী জানায়, ভারী বস্তু তোলার যন্ত্রের নিচে চাপা পড়ে শ্রমিকটির শরীরের নিচের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রিও ডি জেনেইরোর মেয়রের ঘোষণায় এই কনসার্টটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছিল, যেখানে প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা। অতীতে এই একই স্থানে অনুষ্ঠিত কনসার্টগুলোতেও বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটেছে।
এই দুর্ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে—যেখানে যন্ত্রপাতির ত্রুটি বা নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই ঘটনার কারণে কনসার্টের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভোরের আকাশ/সু.পা