কোটি টাকার অনুদান পেলো জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীর সিনেমা

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল একসঙ্গে অভিনয় করেছেন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ। সম্প্রতি সিনেমার টিম দারুণ সুখবর দিয়েছেন—বিদেশের একটি চলচ্চিত্র উৎসব থেকে সিনেমাটির জন্য কোটি টাকার অনুদান পেয়েছে।
সিনেমাটি নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন। তিনি জানিয়েছেন, জার্মানিতে চলমান ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক অনুদান কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ বছর উৎসব ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হবে। ইতিমধ্যে ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ডের অনুদানপ্রাপ্ত ছবির তালিকা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশের মোট ১৪টি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এরও জায়গা হয়েছে।
এই অনুদানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন নির্মাতা রুবাইয়াত হোসেন। এর আগে ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে একই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন ৫০ হাজার ইউরো অনুদান।
এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য পাওয়া গেছে ৮০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।
জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ১৪টি ফিচার চলচ্চিত্রের নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। এসব সিনেমার জন্য মোট অনুদানের পরিমাণ দেড় মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় এটি প্রায় ২১ কোটি টাকারও বেশি।
ইতোমধ্যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটিতে জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল অভিনয় করলেও এতে নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা জাইনিন করিম চৌধুরীকে।
ভোরের আকাশ/এনএস