এক মিনিটের চলচ্চিত্র উৎসব সম্পন্ন, ১৭ চলচ্চিত্রে পরিবেশ বার্তা

পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘ঢেঁকি প্রযোজনা’ আয়োজন করে এক মিনিটের পরিবেশ চলচ্চিত্র উৎসব। এই আয়োজনের মূল থিম ছিল “তরুণদের চোখে পরিবেশ”।
উন্মুক্ত আহ্বানের মাধ্যমে বাছাই করা ১৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যেখানে পরিবেশগত সংকট ও প্রকৃতির দুরবস্থা তুলে ধরা হয়। মোট ৩০টি চলচ্চিত্রের মধ্য থেকে জুরি বোর্ড এই ১৭টি কাজ নির্বাচন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাদিয়া রশ্নি সূচনা। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক সভাপতি রেজাদুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণী পর্বও অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে ‘ঢেঁকি প্রযোজনা’র পরিচালক মোঃ নিজাম উদ্দিন জানান, তরুণদের পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-প্রশিক্ষক আমির হামজা, ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া-এর গ্রিন ফিল্ম অ্যাম্বাসেডর আকতানিন খায়ের তানিন এবং জুরি সদস্য কাজী নওশাবা আহমেদ।
আমির হামজা বলেন, শিশু-কিশোররা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেড়ে উঠছে, তাই পরিবেশ বিষয়ক কনটেন্ট বাড়িয়ে অ্যালগরিদমের বিরুদ্ধে কাজ করা জরুরি।
আকতানিন খায়ের তানিন বলেন, পরিবেশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি “গ্রিন ফিল্মমেকিং” বা পরিবেশবান্ধব প্রযোজনার চর্চাও জরুরি।
কাজী নওশাবা আহমেদ বলেন, এক মিনিটের চলচ্চিত্রগুলোই প্রকৃতির কষ্ট ও সংকটকে শক্তভাবে তুলে ধরেছে, যা নতুন নির্মাতাদের জন্য অনুপ্রেরণাদায়ক।
উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল— নেচার ব্লিডস, আ পার্ট অব বাংলাদেশ, অ্যান্ট লাইফ, বোধ, বন্ধু, বুমেরাং, চলেন গাছ লাগাই, এক বিকেলের গল্প, একা, কাগজের প্লেন, খোঁজি শর্ট ফিল্ম - শমেন, মধুর কারিগর, রফটপ গার্ডেন, নেচার ব্লিডস, নিধন, ওয়ান ভিশন - সেভ দ্য ওয়ার্ল্ড, রিসাইক্লিং এবং সাঁতার।
ভোরের আকাশ/সু.পা