মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে তিনটায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। অভিনেতার মৃত্যুর সংবাদটি করেছেন তাঁর স্ত্রী শাহানা আক্তার বিথী।
শাহানা আক্তার বলেন, উনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২৪ মে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁকে ভর্তি করি। গত দুদিন শরীর খারাপের দিকে যাচ্ছিল। তিনটা থেকে সাড়ে তিনটার ভেতর তাঁর মৃত্যুর খবর কর্তব্যরত চিকিৎসকেরা দিয়েছেন।
শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঙ্কু পাঞ্জার দাফন হবে জানিয়ে তাঁর স্ত্রী আরও বলেন, আমরা এখনো হাসপাতালে আছি, একটু পরই গ্রামের বাড়ি রূপগঞ্জে তাঁর লাশ নিয়ে যাব। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হবে।
সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সাংকো।
‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন খল অভিনেতা সাংকো পাঞ্জা। সেসময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত কাজ করতে পারতেন না তিনি। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল সাংকোর পরিবার। চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে ৫ লাখ টাকা পেয়েছিলেন তিনি।
জন্মসূত্রে সাঙ্কু পাঞ্জার গ্রামের বাড়ি চাঁদপুরে। তাঁর দুই মেয়ে রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। ‘প্রেম কয়েদি’, ‘মনের জ্বালা’, ‘দুর্ধষ’, ‘ধর মাস্তান’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই খল অভিনেতা।
ভোরের আকাশ/এসআই