সালমান খানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির বাড়িতে চুরি ও ভাঙচুর

সালমান খানের জীবনে একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনার মধ্যেই এবার নতুন করে আলোচনায় এলেন তার সাবেক প্রেমিকা ও বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানি।
সম্প্রতি সংগীতার পুনের গ্রামের বাড়িতে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজ গ্রামে যান তিনি। সঙ্গে ছিলেন তার দুই গৃহকর্মী। বাড়িতে পৌঁছেই তারা দেখতে পান প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা এবং ঘরে চরম অবস্থা।
সংগীতা জানান, ঘরের ভেতরে ঢুকে তারা দেখতে পান একটি টিভি সেট চুরি হয়ে গেছে এবং আরেকটি সেট ভাঙা অবস্থায় পড়ে আছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা, বিছানা, ফ্রিজসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্রে ভাঙচুর চালানো হয়েছে।
ঘটনার পরপরই সংগীতা স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বলছে, এটি শুধুই একটি সাধারণ চুরির ঘটনা নয়—এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও তারা সন্দেহ করছে।
উল্লেখ্য, ২০২৪ সালে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা এবং ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড বলিউডে তোলপাড় সৃষ্টি করেছিল। এরপর থেকে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন সালমান। সংগীতার বাড়িতে ঘটে যাওয়া এই নতুন ঘটনা সালমানকে ঘিরে চলমান উত্তেজনার এক সম্প্রসারণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে সবদিক বিবেচনায় রেখেই।
ভোরের আকাশ//হ.র