আজই মা হতে পারেন কিয়ারা, মুম্বাইয়ের হাসপাতালে তারকা দম্পতি

বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আজই নতুন অতিথি আসতে পারে—এমন জোরালো গুঞ্জন উঠেছে। শনিবার সকালে এই তারকা জুটিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা যাওয়ার পর থেকেই বলিউডপাড়ায় শুরু হয় আলোচনা।
চলতি বছরের শুরুতে প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন কিয়ারা ও সিদ্ধার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে একজোড়া ছোট সাদা শিশুর মোজা হাতে নেওয়া একটি ছবি শেয়ার করে তারা জানিয়েছিলেন, “আমাদের জীবনে নতুন অতিথি আসছে।” এরপর থেকেই কিয়ারাকে পাপারাজ্জিদের ক্যামেরায় প্রায়ই দেখা গেলেও সিদ্ধার্থ সবসময় চেষ্টা করেছেন স্ত্রীকে আড়ালে রাখতে।
শনিবারও তার ব্যতিক্রম হয়নি। একটি ছাতা দিয়ে কিয়ারাকে আড়াল করে হাসপাতালে প্রবেশ করেন সিদ্ধার্থ মালহোত্রা। তাদের সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। পাপারাজ্জিদের নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই কিয়ারা ও সিদ্ধার্থের দুই পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই সুখবর আসতে পারে।
২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিয়ারা ও সিদ্ধার্থ। চলতি বছরই তারা সন্তান আগমনের খবর জানান। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা বলিউডের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে।
এখন পুরো বলিউড ও অনুরাগীরা অপেক্ষায়, দুই থেকে তিন হওয়ার সেই বিশেষ মুহূর্তটির জন্য।