লাদাখে শুটিংয়ে আহত সালমান খান, চোট নিয়েই শেষ করলেন দৃশ্য

বলিউড সুপারস্টার সালমান খান লাদাখে নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’–এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্যে তিনি স্টান্ট ডাবল ছাড়াই নিজেই অংশ নিচ্ছিলেন। এর মধ্যেই এক লড়াইয়ের দৃশ্য ধারণের সময় চোট পান তিনি।
বরফে মোড়া লাদাখে হিমশীতল পরিবেশে চলছিল শুটিং। ৪৫ দিনের সূচির মধ্যে ১৫ দিন বরাদ্দ ছিল সালমানের জন্য। টানা কনকনে ঠান্ডায় (১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা) এবং অক্সিজেন স্বল্পতায় নানা অ্যাকশন ও আবেগঘন দৃশ্য ধারণ করেছেন তিনি। এই পরিস্থিতিতেই আহত হলেও পুরো শুটিং শেষ করে ফেলেন সালমান।
লাদাখের কাজ শেষ করে আপাতত কয়েক দিনের বিরতি নেবেন ভাইজান। বিশ্রামের পর মুম্বাইয়ে শুরু হবে পরবর্তী শুটিং, যেখানে মূলত আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্য ধারণ করা হবে। এগুলো পরিচালনা করছেন অপূর্ব লখিয়া।
এদিকে ছবির টিজার বা ঝলক ইতোমধ্যেই অনলাইনে আলোচনায় এসেছে। সেখানে দেখা যায়—রক্তাক্ত সালমান, কপালে ফাটা ক্ষত থেকে গড়িয়ে পড়ছে রক্ত, হাতে মুগুর, চোখেমুখে ভয়ংকর দৃঢ়তা। এই লুক দেখে ভক্তরা মুগ্ধ হওয়ার পাশাপাশি শিউরে উঠেছেনও।
ভোরের আকাশ // হ.র