সত্যি কথা বলতে, বিয়ে করার ইচ্ছে নেই : তানিয়া বৃষ্টি

ব্যক্তিগত জীবন ও পেশাদার ক্যারিয়ার নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। তিনি জানিয়েছেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। বরং নিজের অভিনয় ক্যারিয়ার এবং পারিবারিক দায়িত্বেই এখন পুরোপুরি মনোযোগী তিনি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, “এখন বিয়ের জন্য একেবারেই প্রস্তুত নই। অন্তত চার-পাঁচ বছর সময় লাগবে নিজেকে প্রস্তুত করতে। আর যদি কোনোদিন বিয়ের সিদ্ধান্ত নিই, মনে হয় না সংসার আর অভিনয় একসঙ্গে চালাতে পারব।”
অভিনয় ছেড়ে দেওয়ার ভাবনা থাকলেও সেটাও এখনই নিশ্চিত করে বলতে নারাজ অভিনেত্রী। “ভবিষ্যতে কী হবে জানি না। তবে আপাতত মনে হচ্ছে, সংসার আর অভিনয় একসাথে চালিয়ে যাওয়া সম্ভব নয়,” বলেন তিনি।
তানিয়ার মন্তব্য নিয়ে সম্প্রতি নানা গুজবও ছড়িয়েছে, যেগুলো নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। “আমি তো এমন কিছু বলিনি। অথচ বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, আমি নাকি বিয়ের পর অভিনয় ছাড়ছি, দ্বিতীয় বিয়ের কথা ভাবছি—এসব বিভ্রান্তিকর,” মন্তব্য তানিয়ার।
তানিয়া বৃষ্টি মনে করেন, বিয়ে জীবনে ‘অবশ্য করতেই হবে’ এমন কোনো বিষয় নয়। “সত্যি কথা বলতে, বিয়ে করার ইচ্ছে নেই। বিয়ে ছাড়া জীবন চলে না—এই ধারণা ঠিক নয়,” বলেন তিনি।
তিনি অভিনেত্রী জয়া আহসানকে আদর্শ মনে করেন এই দৃষ্টিকোণ থেকে। তানিয়া বলেন, “আমি জয়া আহসান আপুর অনেক বড় ভক্ত। তিনি কিন্তু বিয়ে ছাড়াই দারুণ একটা ক্যারিয়ার গড়ে তুলেছেন। আমার মনে হয়, তার জীবনে আর কিছু দরকার নেই।”
নিজের ভবিষ্যৎ নিয়ে তানিয়ার যুক্তি, “আমার পরিবার, মা-বোন—এরা আমার জীবনের বড় অংশ। আমি তাদের নিয়েই খুশি। তাই বিয়েটা আবশ্যক মনে করি না। তবে কখনো যে করব না, সেটাও বলছি না। ভাগ্যে থাকলে হবে। কিন্তু চাপে পড়ে বা সমাজের কথায় বিয়ে করব না।”
ভোরের আকাশ/হ.র