শিগগিরই ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে।
তিনি বলেছেন, ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা (রপ্তানি) করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা (রপ্তানি) করি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। কারণ তারা রাশিয়ার তেল কিনছে।
এর আগে, সোমবারও ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে রক্তপাত চালালেও ভারত যেন তা উপেক্ষা করে তেল কেনা চালিয়ে যাচ্ছে।
এদিকে ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
ভোরের আকাশ/এসএইচ