ইরান-পাকিস্তানের মধ্যে পরিবহন-পর্যটনসহ ১২ খাতে চুক্তি সই

রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
লাহোর সফর শেষে রোববার (৩ আগস্ট) সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট।
চুক্তি সই অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিচার ও আইনগত বিষয়, শিল্পখাতের সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আঞ্চলিক সংহতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কাজ করার ভিত্তি গড়ে তোলা হয়েছে।
চুক্তিগুলো জ্ঞান বিনিময়, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার (২ আগষ্ট) একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক-অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভোরের আকাশ/এসএইচ