পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গে স্পিজেন্ড এলাকায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পেশাওয়ার থেকে আসা ট্রেনের ছয়টি বগি রেললাইনে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়, এতে যাত্রীদের মধ্যে পাঁচজন আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে। দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। জাফর এক্সপ্রেসের ওপর হামলা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। গত জুনেও একবার বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেল লাইনে বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়েছিল কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ৫টি বগি। সেবার অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে, গত ১১ মার্চ পাকিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেসের কোয়েটা থেকে বেলুচিস্তানগামী একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনী এগিয়ে যায় এবং বিএলএ যোদ্ধাদের সঙ্গে সেনাদের সংঘাত হয়। সেই সংঘাতে বিএলএ-এর ৩৩ জন যোদ্ধা, ২৬ জন যাত্রী এবং ৪ জন সেনাসদস্য নিহত হয়েছিলেন।
ভোরের আকাশ/এসএইচ