মেলানিয়া ট্রাম্পকে চিঠি পাঠালেন তুরস্কের ফার্স্ট লেডি

তুরস্কের ফাস্ট লেডি এমিনি এরদোগান মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে গাজার মানবিক সংকট মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।
চিঠিতে এমিনি এরদোগান মেলানিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ছয় বছর আগে হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা এখনও স্মরণে রয়ে গেছে।
এমিনি এরদোগান চিঠিতে বলেন, মেলানিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত একটি চিঠি লিখে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিলেন। সেখানে ইউক্রেনের অনাথ শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছিল। এমিনি বলেন, “আপনি চিঠিতে উল্লেখ করেছেন, প্রতিটি শিশুরই ভালোবাসাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বড় হওয়ার অধিকার রয়েছে। এই অধিকার কোনো অঞ্চল, জাতি, ধর্ম বা মতাদর্শের একচেটিয়া নয়। যারা এই অধিকার থেকে বঞ্চিত, তাদের প্রতি সহায়তা করা মানব পরিবারের মৌলিক দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেছেন, “বিশেষ করে একজন নেতার স্ত্রী হিসেবে, ইউক্রেনের যুদ্ধে নিহত, বাস্তুহারা পরিবার এবং অনাথ শিশুদের প্রতি আপনার সহানুভূতি আশা জাগিয়ে তোলে।” এমিনি আশাবাদ প্রকাশ করে বলেন, গাজার শিশুদের জন্যও মেলানিয়া একই ভাবে মানবিক সহায়তার প্রদীপ জ্বালিয়ে রাখবেন।
চিঠিতে এমিনি এরদোগান গাজার বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন। তিনি বলেন, “মাত্র দুই বছরে ১৮ হাজার শিশুসহ ৬২ হাজার নিরপরাধ বেসামরিক নাগরিক নির্মমভাবে নিহত হয়েছে। এই প্রেক্ষিতে মেলানিয়ার সহানুভূতি এবং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ভোরের আকাশ/হ.র