ক্যান্সার আক্রান্ত জো বাইডেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) এক বিবৃতিতে তার দপ্তর বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি রোগের আরও আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা কার্যকর ব্যবস্থাপনার সুযোগ করে দেয়।’
৮২ বছর বয়সি বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এই সপ্তাহান্তে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সম্প্রতি পরীক্ষা করে সাবেক এই প্রেসিডেন্টের প্রোস্টেটে একটি ‘ছোট নোডিউল’ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন বাইডেনের একজন মুখপাত্র। তার কয়েকদিন পরেই ক্যানসার শনাক্তের খবর এলো।
ভোরের আকাশ/এসএইচ