ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল এবং লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, যেসব অদক্ষ চালক রাস্তায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীর সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। বেপরোয়া গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনার সঙ্গে জড়িত চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ডিএনসিসি প্রশাসক। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা