ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও-তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার সকাল ১০টায় তিনি কার্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে কার্যালয়ে প্রবেশ করতে না পারেন, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়।
পরিদর্শনকালে প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।
এ সময় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি ও পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।
এ ছাড়া পরিদর্শনকালে নাগরিক সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন মো. আবদুস সালাম। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি এসব কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।
ভোরের আকাশ/জেআ