ছুটির দিনেও ঢাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিশেষ করে দুপুরের পর থেকে নগরীর ব্যস্ত এলাকাগুলোতে ধীরগতির যান চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দেখা গেছে, শাহবাগ, ধানমন্ডি, পল্টন, ফার্মগেট, মিরপুর রোড, শ্যামলী, মহাখালী, রামপুরা, বাড্ডা ও মালিবাগ এলাকায় গাড়িগুলো দীর্ঘ সময় সিগন্যালের মধ্যে আটকা থাকছে। সিগন্যাল ছাড়লেও ধীরগতিতে চলাচল করায় রাস্তায় স্থির অবস্থা বিরাজ করছে।
যাত্রীরা বলেন, রমজানের শুরু থেকে প্রতিদিন রাজধানীর বিভিন্ন সড়কে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে গণপরিবহন ব্যবহারকারীরা রোজার সময় ভোগান্তিতে পড়ছেন।
রাজধানীর রামপুরার বাসিন্দা মিকরাজ বলেন, “পল্টন থেকে বাসা ফেরার সময় বিজয়নগর, কাকরাইল ও মালিবাগের সিগনাল পার হতে দুই ঘণ্টার বেশি সময় লাগছে। রমজানের প্রথম দিন থেকেই এই পরিস্থিতি।”
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, হঠাৎ গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। তারা জানিয়েছে, ট্রাফিক সদস্যরা যথাযথ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
ভোরের আকাশ/এনএস