অসহায় শিশু রোগীদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে এক লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান প্রদান করা হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগও কমে আসবে। দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ৪০ জন দরিদ্র শিশু রোগীর পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/জেআ