বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান চার নম্বরে

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ সোমবার (১৯ অক্টোবর) চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক বা একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
সেই হিসাবে, ঢাকার একিউআই স্কোর ১৬৯। অর্থাৎ, রাজধানীর বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, লাহোরের স্কোর ২০৪, যা শহরটির বায়ুর মানকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে নির্দেশ করছে।
এদিকে, ঢাকার ক্রমাগত বায়ুদূষণের বিষয়টি সম্প্রতি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এক অনুষ্ঠানে ঢাকার অব্যাহত বায়ুদূষণকে দেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে পরিবেশ ও বন রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাস বেশি ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/জেআ