প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরতে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, সাফল্য, উন্নয়ন কর্মকাণ্ড এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুমাত্রিক অবদান জাতীয় পর্যায়ে তুলে ধরতে বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মিডিয়া সেলটির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সরকারের উন্নয়ন কার্যক্রম এবং আনসার-ভিডিপির জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের দক্ষতা, সক্ষমতা ও ইতিবাচক কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির মাধ্যমে বাহিনীকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী প্রতিষ্ঠানে পরিণত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়, বরং প্রান্তিক মানুষের সাফল্য, উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগের গল্প দেশবাসীর সামনে তুলে ধরার একটি সময়োপযোগী মাধ্যম।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে আনসার-ভিডিপির তথ্য ও জনসংযোগ কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে। একই সঙ্গে সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারের মাধ্যমে বাহিনীর সাফল্য, উদ্ভাবন এবং জনসেবামূলক কর্মকাণ্ড জনগণের সামনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপির বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে সরকারের আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি আরও গতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব। নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজ গঠনে বাহিনীর সদস্যদের অবদান, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাফল্যের গল্প এবং ইতিবাচক উদ্যোগগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, মূলধারার সংবাদমাধ্যমে অনেক সময় প্রান্তিক এলাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে উঠে আসে না। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সেই শূন্যতা পূরণের পাশাপাশি গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আস্থা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর যাত্রা আনসার-ভিডিপির তথ্যপ্রবাহকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করবে এবং দেশের প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পরিসরে তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে।
ভোরের আকাশ/জেআ