তিরমিজি শরীফের পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ প্রকাশ
হাদিস গবেষণায় বাংলাদেশের গৌরব: রাজধানীতে আন্তর্জাতিক ইলমী সেমিনার

বিশিষ্ট হাদিস বিশারদ মাওলানা আব্দুল মতিন (হাফিজাহুল্লাহ) রচিত জামে তিরমিযি-এর পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিযি’-এর ১৭ খণ্ডের প্রকাশনা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইলমী সেমিনার।
বুধবার (৫ আগস্ট) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিযি ও কিফায়াতুল মুগতাযি’।
সেমিনারে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, মুহাদ্দিস, গবেষক ও বিপুলসংখ্যক শ্রোতা অংশ নেন।
আয়োজকরা জানান, ১৭ খণ্ডে প্রকাশিত ‘কিফায়াতুল মুগতাযি’ একজন বাংলাদেশি আলেমের রচিত জামে তিরমিযির পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ। দীর্ঘ প্রায় ২৬ বছরের গবেষণার ফসল এ গ্রন্থটি হাদিসচর্চার দীর্ঘ ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন খ্যাতিমান আলেম ও গবেষকের ইতিবাচক মূল্যায়নও ইতোমধ্যে পেয়েছে গ্রন্থটি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নুমানী বলেন, বহু বছরের পরিশ্রম ও গবেষণার মাধ্যমে এই ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি হাদিস অধ্যয়ন ও গবেষণায় উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার বলেন, এই গ্রন্থ হাদিস পাঠদান ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর মতে, গ্রন্থটি ব্যবহার করলে হাদিসের দরস ও পাঠদানের ধরন আরও সমৃদ্ধ হবে।
স্বাগত বক্তব্যে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমিদুল মাওলা জানান, গ্রন্থটির প্রথম চার খণ্ড প্রকাশের পরই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। আন্তর্জাতিক মান বজায় রেখে গ্রন্থটির মুদ্রণ ও প্রকাশনা সম্পন্ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রন্থকার মাওলানা আব্দুল মতিন বলেন, এটি মূলত দোয়া ও শুকরিয়ার মজলিস। তিনি জানান, ২০০১ সালে জামে তিরমিযির পাঠদান শুরু করার পর থেকেই এ ব্যাখ্যাগ্রন্থের গবেষণা শুরু হয়। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে মূল রচনার কাজ সম্পন্ন হলেও এর পেছনে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের গবেষণা ও পরিশ্রম রয়েছে।
সেমিনারে বক্তব্য দেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, দক্ষিণ আফ্রিকার আলেম শায়খ ইসহাক বানা, সিলেটের প্রবীণ মুহাদ্দিস মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, মক্কার আলেম ড. শায়খ আব্দুল আজিজ আলহাজ, দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য শায়খ হাসান মাহমুদ রাজস্থানী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মুফতি আবু সাঈদ ও মাওলানা দিলাওয়ার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে দেশব্যাপী হাদিস গবেষণার ধারা আরও বিস্তৃত করতে নির্বাচিত ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ‘কিফায়াতুল মুগতাযি’-এর ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট বিনামূল্যে বিতরণ করা হয়।
শেষে বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান-এর দোয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/এনএ