গুলশান-বনানী লেক পুনরুদ্ধারের তাগিদ

জলবায়ু-প্রভাবিত জনগোষ্ঠীর নেতৃত্বে জলাভূমি পুনরুদ্ধারের কৃষি-প্রাণপ্রকৃতিভিত্তিক উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরতে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হলো ‘রি-ওয়েট’ প্রকল্পের ‘অভিজ্ঞতা বিনিময়’ অনুষ্ঠান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রিভার এন্ড ডেল্টা রিসার্চ কনসালটেন্ট লিমিটেডের (আরডিআরসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গুলশান-বনানী লেকের পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিউনিটি নেতৃত্বাধীন উদ্যোগ, নগর কৃষি, নেচার বেইসড সলুশন এবং স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা নিয়ে অর্জিত অভিজ্ঞতা, শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি গুলশান-বনানী লেকের ভবিষ্যৎ পুনরুদ্ধার ও টেকসই ব্যবস্থাপনার জন্য সম্মিলিত উদ্যোগ, সহযোগিতার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইফাদুল হক, কো-লিড (রি-ওয়েট) ও সহকারী অধ্যাপক-স্মিথ কলেজ, যুক্তরাষ্ট্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথ ডাউনি, প্রোগ্রাম ম্যানেজার, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভলাপমেন্ট, (আইআইইডি) যুক্তরাজ্য। আরোও উপস্থিত ছিলেন মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান নির্বাহী কর্মকর্তা, (উপসচিব), (অতিরিক্ত দায়িত্ব); মোহাম্মদ আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যান্ত্রিক সার্কেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; মো: ওয়াহিদুল ইসলাম মুরাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রোজেক্ট ডিরেক্টর, ঢাকা ওয়াসা; মোঃ আমিনুর রসুল, ট্রেজারার, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ কনসালটেন্টস লিমিটেড (আরডিআরসি); রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি; রি-ওয়েট প্রকল্পের প্রধান অংশীদার নগর আবাদ থেকে ছিলেন নগর আবাদ মেন্টর মোঃ শাহেদুজ্জামান শ্যামল, হাওয়া খানম ও সুলতানা রায়হান এবং নগর আবাদ কৃষক মোঃ রফিকুল ইসলাম; কাজী আকিফ, সাবেক প্রজেক্ট ম্যানেজার (রি-ওয়েট) এবং আরোও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ মইনুর চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার (রি-ওয়েট)।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রিওয়েট প্রকল্পের ইতিবাচক দিকগুলো বিবেচনা করলে দেখা যায়, এটি স্থানীয় মানুষের জীবনযাপন ও প্রকৃতিনির্ভর কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি বলেন, লেকভিত্তিক কার্যক্রমে পানির গুণগত মান, পানি দূষিত বা অনিরাপদ হওয়ার সম্ভাবনা এবং ডেঙ্গু বা মশাবাহিত রোগের ঝুঁকি তৈরি হচ্ছে কি না—এসব বিষয় গবেষণার মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও লেক ব্যবস্থাপনার একটি সমন্বিত পরিকল্পনা করা গেলে প্রকল্পটির দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক।
ভোরের আকাশ/এনএস