রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, বিভিন্ন কোম্পানির ৪ হাজার ৮৪৬টি সিম, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এছাড়া অভিযানে ২৬ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা, ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/সু.পা