রাজধানীতে পার্কিং করা পরিবহন বাসে আগুন

রাজধানীর কদমতলীর মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।
তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।
এসআই হাসান রহমান বলেন, বাসের চালক ও হেলপার জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে পার্কিং করে তাঁরা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।
বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভোরের আকাশ/ইউএম