বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, আহত ১

রাজধানীর বাংলামোটরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি জানান, সাইমনের সঙ্গে সোহাগের কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত আহত হন।
পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান ওসি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/এম