তিন দাবিতে সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুরু
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লাগাতার’ অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানিয়েছেন, সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন। তিনি আশা করছেন, দিনের শেষে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে।
অংশগ্রহণকারী শিক্ষকরা বলেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে সরকারপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। তাই এবার তারা রাজপথেই দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো-
১। সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
২। চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,
৩। শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও আন্দোলনে সংহতি জানিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ