গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী ও শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫
সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদেরকে। দগ্ধরা হলেন-পারভেজ (৩৮), তার স্ত্রী ফারজানা (২৮), তাদের দুই সন্তান মোহাম্মদ (৬) ও মারওয়ান (২) এবং আত্মীয় হেনা (২৮)।
রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিক থাকায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন ও এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্নে পাঠানো হয়।
দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারজানার ১০ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
ভোরের আকাশ/এসএইচ