আজ ঢাকার বাতাসের মান ‘সহনীয়’

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও তেমন ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।
আজ সোমবার (২৪ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৮টায় তালিকার ২০তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৮০।
এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৮টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহর। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় ভারতের দিল্লি আর ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।
এরপরই ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৮, ইরাকের বাগদাদ ১৫৬, পাকিস্তানের লাহোর ১৫৬, মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ১৫৩, মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৪৯, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৩২ ও সিঙ্গাপুর ১২২ স্কোর নিয়ে শীর্ষ ১০টি দূষিত শহরের তালিকায় রয়েছে।
অন্যদিকে, কলম্বিয়ার বোগোটা ১৩ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
এরপরই অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা এবং পতুর্গালের লিসবন সমান ১৪ পয়েন্ট নিয়ে দূষণমুক্ত শহরের তালিকায় উপরের সারিতে রয়েছে।
অস্টেলিয়ার মেলবোর্ন, সিডনি, ডেনমার্কের কোপেনহেগেন, কানাডার মন্ট্রিয়েল, ভানকুভার ও নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরগুলো ভালো বাতাসের তালিকায় শীর্ষে রয়েছে।
ভোরের আকাশ/জেআ