ওয়ার্ল্ড মেরিটাইম ডে
বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সেমিনার

“ওয়ার্ল্ড মেরিটাইম ডে, ২০২৫” উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (BMLS) “আওয়ার ওশান, আওয়ার অবলিগেশন, আওয়ার অপরচুনিটি” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) সাবেক বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বিআইএমআরএডি-এর (BIMRAD) মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ (অব.)। এবং টাইসার গ্রুপ সার্ভিসেস লিমিটেডে, লন্ডন-এর কান্ট্রি ম্যানেজার এস. এম. মইনুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহিউদ্দিন আব্দুল কাদির। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শ্বেতা মিশ্র, কমোডর সৈয়দ আরিফুল ইসলাম (অব.)। সেমিনারে বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, জাহাজ মালিক, বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক বীমা বিশেষজ্ঞ, ফ্রেইট ফরোয়ার্ডার, কার্গো স্টেকহোল্ডারসহ নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও রিভার পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি দেশের মেরিটাইম সেক্টরের উন্নয়নে আধুনিক ও উন্নত প্রযুক্তি, এআই, রোবটিক্স, অটোমেশন, চ্যাটজিপিটি প্রভৃতির ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্যে তিনি মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল তৈরি, মেরিটাইম পেশাজীবিদের উক্ত প্রযুক্তিসমূহে দক্ষতা উন্নয়ন এবং এই সেক্টরের উন্নয়নে একাডেমিশিয়ান, শিল্প প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ সব মেরিটাইম স্টেকহোল্ডারদের একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সামুদ্রিক আইন ও টেকসই মহাসাগর শাসনব্যবস্থার ভূমিকার ওপর। অংশগ্রহণকারীরা একমত হন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহাসাগরকে সুরক্ষিত রাখা সবার যৌথ দায়িত্ব।
ভোরের আকাশ/এসএইচ