ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবে বিএনপি, অন্য কেউ নয়: ডিএনসিসি প্রশাসক

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে বিএনপি সরকার—এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার। তাই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবে বিএনপি, অন্য কেউ নয়।
সোমবার বিকেলে রাজধানীর মিরপুর-১৩ নম্বরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সঠিক পরিবার যেন এই কার্ড পায়, তা নিশ্চিত করতে চায় সরকার। এ কার্যক্রমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবেন এক হাজার ৯১৭ জন স্বেচ্ছাসেবক।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করা প্রার্থীরাই দলের মনোনয়ন পাবেন বলেও জানান শফিকুল ইসলাম খান। বিশেষ করে ডেঙ্গু মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে প্রার্থীদের।
এ ছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করে নগরবাসীকে নান্দনিক ফুটপাত উপহার দেওয়ার আশ্বাস দেন তিনি।
ভোরের আকাশ/এনএস