পল্লী বিদ্যুৎ বিল পরিশোধে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ সুবিধা চালুর লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (আর্থিক মনিটরিং-উত্তরাঞ্চল) মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে বিআরইবির অধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিআরইবির সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, সচিব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) মো. জিয়া উদ্দিন ও পরিচালক (অর্থ) হিমেল পাল উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, করপোরেট ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড সুজাত হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির এফসিএ, হেড অব এডিসি ও হেড অব এমডির কো-অর্ডিনেশন টিম মামুন উর রহমান, ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভোরের আকাশ/জেআ