বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪ টায় শপিং মলের ভেতরে থাকা শত শত ক্রেতা-দর্শনার্থীর চোখের সামনে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই শপিং মলের ওপরের তলা থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। এরপরই দেখা যায়, নিচে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ওই যুবক ওপর থেকে পরে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার তদন্তসহ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে শপিংমলটিতে কেনাকাটায় ব্যস্ত মানুষের সামনে এমন ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ