লায়ন জেলা ৩১৫ এ২-এর সেবা পেয়েছেন দুই লক্ষাধিক মানুষ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ কার্যক্রম। এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০টির বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা প্রদান করেছে সংগঠনটি।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপারসন লায়ন শফিকুল আজম ভূঁইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা এবং লিও জেলা ৩১৫ এ২-এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ লায়ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, মানবসেবায় লায়ন জেলা ৩১৫ এ২ যে অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেশি প্রচার ও প্রসারের দাবি রাখে।
তিনি লায়ন নেতৃবৃন্দের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি লায়নদের সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে লায়ন জেলা ৩১৫ এ২ সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। পক্ষকালব্যাপী অক্টোবর সেবাপক্ষের কার্যক্রম মানুষের কল্যাণে সংগঠনটির অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অক্টোবর সেবাপক্ষের আওতায় অধিকসংখ্যক মানুষকে সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয়। এ সময় লায়ন নেতৃবৃন্দ ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/এনএস