ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির উদ্যোগে হেরিটেজ সাইকেল র্যালি

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের সামনে তুলে ধরে নগরীর প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা জাগ্রত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ঐতিহাসিক ঢাকা গেট থেকে এ র্যালি শুরু হয়। রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
প্রায় ৩০০ নাগরিক এ সাইকেল র্যালিতে অংশ নেন। ঢাকা গেট থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি মোড়, শাহবাগ মোড়, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত মোড়, আজিমপুর মোড়, এতিমখানা মোড়, ঢাকেশ্বরী মন্দির, মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার মোড়, শহীদ মিনার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, সেক্রেটারিয়েট রোড, জাতীয় বার্ন ইউনিটের সামনে ও বঙ্গবাজার মোড় হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর, ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামী বাংলাদেশ। তাই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে চলাচল করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পাবেন। তরুণেরা যাতে সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়, সে ব্যবস্থা করতে হবে। একটি নিরাপদ, সুন্দর, পরিবেশবান্ধব ও নাগরিকদের বসবাসের উপযোগী ঢাকা গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ রাজধানী ঢাকার সঙ্গে নাগরিকদের আত্মিক ও মমত্বের বন্ধন আরও দৃঢ় করা সময়ের দাবি।
তিনি বলেন, নগরীর ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পর্যাপ্ত পরিচিতি ও সম্পৃক্ততার অভাবে অনেকের মধ্যেই ঢাকার প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা গড়ে ওঠেনি। এর প্রভাব পড়ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণসহ নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে।
আবদুস সালাম বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নাগরিকদের সামনে নতুনভাবে তুলে ধরার মাধ্যমে নগরের প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘আমার শহর, আমার দায়িত্ব’—এই উপলব্ধিকে নাগরিক জীবনের অংশ করে একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও বাসযোগ্য ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম প্রত্যাশা।
ভোরের আকাশ/সু.পা