মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানার তিন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম ও ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদর দপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল করছে। এসব মিছিলে ককটেল বিস্ফোরণসহ নানা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এজন্য প্রতিটি থানার কর্মকর্তাদের বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিল ডিএমপি।
শুক্রবার দুপুরে সিভিল পোশাকে হঠাৎ মোহাম্মদপুর থানায় পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম। এসময় তিনি দেখেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত ডিউটি পয়েন্টে না থেকে থানার ভেতরে বসে খাবার খাচ্ছেন। বিষয়টি নজরে আসার পরই তিনি তিন কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহারের নির্দেশ দেন।
ডিএমপি সূত্র বলছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট থানাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছিল। কিন্তু মোহাম্মদপুর থানায় দায়িত্ব পালনে অবহেলা করায় উর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
ভোরের আকাশ // হ.র