যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের পাশে এই ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট।
নিহত মারুফ ওরফে দুখুর স্ত্রী মিম বলেন, আমার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
কান্নাজড়িত কণ্ঠে মিম বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
ভোরের আকাশ/আ.র