‘ঢাকা দিবস’ উপলক্ষে ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী উৎসব

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক এ আয়োজন চলবে আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।
সোমবার (১৩ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
তিনি জানান, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও নগর ব্র্যান্ডিংকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলতেই এ আয়োজন। ‘হৃদয়ে ঢাকা’ শুধু একটি উৎসব নয়, বরং পরিচ্ছন্ন, সবুজ ও ঐতিহ্যসমৃদ্ধ রাজধানী গড়ার দীর্ঘমেয়াদি নাগরিক উদ্যোগ।
কর্মসূচির উল্লেখযোগ্য আয়োজন
৩১ জুলাই: ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ এবং হাতি, ঘোড়ার গাড়ি ও পালকিসহ ঐতিহ্যবাহী ‘ঢাকা শোভাযাত্রা’।
১ আগস্ট (ঢাকা দিবস): ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেলে লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে।
২ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’, কাওয়ালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩ আগস্ট: বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
১–৭ আগস্ট: মধুমিতা সিনেমা হলে ঢাকাকেন্দ্রিক পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, বিটিভিতে বিশেষ অনুষ্ঠান, শিল্পকলা একাডেমিতে নাটক, আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাজধানীর বিপণিবিতানে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং সদরঘাট থেকে ‘হেরিটেজ ক্রুজ’ পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের সূচনা হয়। সেই ঐতিহাসিক দিনটিকেই ‘ঢাকা দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ সব ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।
আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে বৈরী পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানানো হয়।
ডিএসসিসি এ আয়োজন সফল করতে দেশের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ/জেআ