ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে স্থানীয় ছাত্ররা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সময়ে এক ব্যক্তি ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছিলেন। অপর প্রান্তে থাকা ব্যক্তির ক্যামেরায় শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে সেখানে উপস্থিত ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ছাত্রদের দাবি, আটক ব্যক্তির ফোনেও একই ধরনের ছবি পাওয়া গেছে। তারা জানান, এর আগের দিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে নির্দেশ দিয়েছিলেন। সেই কারণে তারা সতর্ক অবস্থানে ছিলেন, যাতে কোনো অঘটন না ঘটে।
পরে রাত ৯টার দিকে একই স্থানে আরও দুজনকে একই সন্দেহে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে তাদের আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করার সুনির্দিষ্ট কারণ কেউ জানাতে পারেননি।
ঘটনার সময় উপস্থিত জনতা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তারা নির্দোষ প্রমাণিত হন, তবে ছেড়ে দেওয়া হবে; আর দোষী হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/হ.র